মঙ্গলবার , ০২ জুন ২০২৬
 মঙ্গলবার , ০২ জুন ২০২৬

সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনের মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালো কারা অধিদপ্তর

আইকন
আরবিসি নিউজ
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনের মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালো কারা অধিদপ্তর

আরবিসি ডেস্ক : দিনাজপুর জেলা কারাগারে বন্দি সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেনের মৃত্যুর কারণ সম্পর্কে কারা অধিদপ্তর জানিয়েছে, তিনি কারাগারে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানান, শনিবার সকালে রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ শেষ করেন এবং নাস্তাও খান। এরপর তিনি ওয়ার্ডের বাথরুমে যান। সেখানে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে কারাগারের কর্মীরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্যও ছিলেন।